দূর্ঘটনা

নরসিংদীতে নদীতে ডুবে একসঙ্গে ৪ শিশুর মৃত্যু

অনলাইন নিউজ ডেস্ক

নরসিংদীর রায়পুরায় নদীর পানিতে গোসল করতে নেমে তলিয়ে গিয়ে একইসঙ্গে চার শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চান্দেরকান্দী ইউনিয়নের বড়কান্দা এলাকার কাকন নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো—বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), একই এলাকার রুবেল মিয়ার দুই মেয়ে জান্নাত ইসলাম (৯) ও আশেয়া (৯), এবং বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)। তারা সবাই স্থানীয় গাউছিয়া নূরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে ৬ থেকে ৭ জন শিক্ষার্থী কাকন নদীতে গোসল করতে নামে। এ সময় এক শিশু পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে অন্য শিশুরাও পানিতে ডুবে যায়।

খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে তিন শিশুকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ সময় আরও দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়। পরে নিখোঁজ থাকা সুমাইয়াকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আশরাফুর রহমান জানান, হাসপাতালে তিন শিশুকে মৃত অবস্থায় আনা হয়েছিল।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, নদীতে ডুবে মৃত্যুর ঘটনায় তিন শিশুর মরদেহ শনাক্ত করা হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button