

আগামী ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকারের শপথ গ্রহণ সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, নতুন সরকারের শপথ অনুষ্ঠান খুব দ্রুত অনুষ্ঠিত হবে এবং কোনোভাবেই তা ১৬ বা ১৭ ফেব্রুয়ারির পরে যাবে না। শপথের সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। আজ নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করা হয়েছে এবং বাকি আনুষ্ঠানিক কাজগুলোও দ্রুতগতিতে এগোচ্ছে। প্রধান উপদেষ্টা ও তাঁর টিম নিয়মিতভাবে এসব কাজে ব্যস্ত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—এ বিষয়ে জানতে চাইলে শফিকুল আলম বলেন, বিষয়টি পরে জানানো হবে। তবে সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ ১৭ ফেব্রুয়ারির মধ্যেই সম্পন্ন হবে বলে তিনি নিশ্চিত করেন।



