রাজনীতি

সিলেট হয়ে ঢাকায় আসছেন তারেক রহমান

দীর্ঘ ১৮ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে সিলেট হয়ে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

দলীয় সূত্র জানায়, নিরাপত্তার কারণে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি বিমান থেকে নামবেন না। সিলেটে স্বল্প যাত্রাবিরতির পর একই ফ্লাইটে রাজধানীর উদ্দেশে যাত্রা করবেন তিনি।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো তথ্য নিশ্চিত করেনি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট জেলার ব্যবস্থাপক মাহমুদুর রহমান বলেন, তারেক রহমানের ভ্রমণসূচি সম্পর্কে তাদের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজুর রহমান চৌধুরীও জানান, এ ধরনের কোনো ফ্লাইট মুভমেন্টের তথ্য তাদের জানা নেই।

সূত্র জানায়, তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে রাজধানীর গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবন প্রস্তুত রাখা হয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে কোনো প্রকাশ্য কর্মসূচির ঘোষণা দেওয়া হয়নি।

এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে আসছেন।

উল্লেখ্য, ২০০৭ সালের এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের সময় গ্রেফতার হন তারেক রহমান। ২০০৮ সালে কারামুক্ত হয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান তিনি। এরপর দীর্ঘ সময় তিনি সেখানেই অবস্থান করেন।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। পরবর্তীতে তারেক রহমানের বিরুদ্ধে থাকা একাধিক মামলার সাজা বাতিল এবং কিছু মামলায় আইনি প্রক্রিয়ায় অব্যাহতি দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button