

যুক্তরাজ্য বিএনপির দীর্ঘদিন ধরে কার্যত অকার্যকর থাকা মেয়াদোত্তীর্ণ কমিটি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে দলটির যুক্তরাজ্য শাখায় নতুন করে একটি আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক কমিটির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদকে। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। সদস্যসচিব হিসেবে মনোনীত হয়েছেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু, যিনি সিলেটের বালাগঞ্জ উপজেলার নেতা হিসেবে পরিচিত।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অল্প সময়ের মধ্যেই যুক্তরাজ্য বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।
দলীয় সূত্রে জানা যায়, সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি এম এ মালেক এবং সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশায় মাঠপর্যায়ে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এ সময়ে যুক্তরাজ্য শাখার সাংগঠনিক দায়িত্বে কাউকে ভারপ্রাপ্ত করা হয়নি।
এরই মধ্যে মহান বিজয় দিবস উপলক্ষে লন্ডনে যুক্তরাজ্য বিএনপির আয়োজিত সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতির বিষয়ে সম্মতি আসে। ওই অনুষ্ঠানে ভূমিকা রাখতে সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক রোববার বিকেলেই লন্ডনে পৌঁছালেও, রাতেই কেন্দ্রীয়ভাবে আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণার সিদ্ধান্ত জানানো হয়।
উল্লেখযোগ্য যে, যুক্তরাজ্য বিএনপির সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১৮ সালে। দুই বছরের জন্য গঠিত ওই কমিটির মেয়াদ ২০২০ সালেই শেষ হয়। এরপর দীর্ঘ সময় ধরে নতুন কাউন্সিল কিংবা পূর্ণাঙ্গ কমিটি না থাকায় সংগঠনটি সাংগঠনিক স্থবিরতার মুখে পড়ে।



