

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন খান ইন্তেকাল করেছেন
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং সাবেক মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এম হাফিজ উদ্দিন খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর উত্তরা এলাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এম হাফিজ উদ্দিন খানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার সাবেক ব্যক্তিগত কর্মকর্তা শহীদুল হাসান। তিনি জানান, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বাদ আসর এজি অফিসে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং তার দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
১৯৩৯ সালে সিরাজগঞ্জে জন্ম নেওয়া এম হাফিজ উদ্দিন খান তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছাড়াও সুশাসনের জন্য নাগরিক (সুজন) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর চেয়ারম্যানও ছিলেন।
তিনি ১৯৯৬-১৯৯৯ সাল পর্যন্ত বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে অর্থ, পরিকল্পনা এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বেসিক ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক এবং অগ্রণী ব্যাংক-এর পরিচালক ও চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।



