
সিলেট টেস্টের প্রথম ইনিংসে ১১৬ রানে ৬ উইকেট হারানোর পর অবিশ্বাস্য এক সেঞ্চুরি হাঁকিয়েছেন লিটন কুমার দাস। টেইল এন্ডারদের আগলে রেখে খেলেছেন ১২৬ রানের ইনিংস। দ্বিতীয় ইনিংসেও তিনি তিন অংকের পথেই যাচ্ছিলেন, তবে আউট হয়ে যান ৬৯ রানে। পাশাপাশি করেছেন দুর্দান্ত কিপিং। সব মিলিয়ে সিলেট টেস্টের ম্যাচসেরার পুরস্কার উঠেছে তারই হাতে।

সিলেটে পাকিস্তানকে ৭৮ রানে হারানোর পর পুরস্কার বিতরণী মঞ্চে লিটন বলেন, ‘গত দুই ইনিংসে (ঢাকা টেস্ট) আমি রান পাইনি, তাই যখন উইকেটে গেলাম তখন কোনো চাপ ছিল না। কিন্তু হুট করেই কয়েকটা উইকেট পড়ে গেল এবং আমি কিছুটা অনিশ্চয়তায় ভুগছিলাম যে কী করব! অধিনায়কের সঙ্গে কথা বললাম, সে আমাকে আক্রমণাত্মক খেলার পরামর্শ দিল। তাই আমি স্রেফ নিজের শক্তির ওপর ভরসা রাখার চেষ্টা করেছি।’
লিটন আরও বলেন, ‘দুইটা বাউন্ডারি মারার পর আমার মনে হলো, এটা তো টেস্ট ক্রিকেট, তাই আমার কিছুটা সময় নেওয়া উচিত। আমি ভেবেছিলাম যেহেতু বৃষ্টির সম্ভাবনা আছে, তাই আমি যদি স্রেফ ১০-১৫ ওভার ব্যাটিং করতে পারি, তাহলে ম্যাচের পুরো চিত্রটাই বদলে যাবে। আমি নিজেকে নিয়ন্ত্রণ করছিলাম এবং বেশি বল খেলার চেষ্টা করছিলাম। যখনই তারা (টেইলএন্ডাররা) নিরাপদ, আমিও নিরাপদ।’
দুই বছর আগে ২০২৪ সালে রাওয়ালপিন্ডি টেস্টে ২৬ রানে ৬ উইকেট হারানোর পর সেঞ্চুরি হাঁকিয়েছিলেন লিটন। ১৬৫ রানের জুটি গড়েছিলেন তিনি মেহেদী হাসান মিরাজের সঙ্গে। তবু সিলেট টেস্টের সেঞ্চুরিকেই এগিয়ে রাখলেন এই তারকা, ‘সম্ভবত এটিই (আমার ক্যারিয়ারের সেরা সেঞ্চুরি)। টেইলঅ্যান্ডারদের নিয়ে ব্যাটিং করা সহজ নয়, ফিল্ডাররা সবাই সীমানার কাছে থাকে। প্রথম দিনের উইকেট সহজ ছিল না এবং আউটফিল্ডও ছিল ধীরগতির।’



