

অনলাইন নিউজ ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে প্রকাশ্যে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। নামজারি (খারিজ), খাজনা আদায়সহ বিভিন্ন ভূমি-সংক্রান্ত সেবা প্রদানের বিনিময়ে অবৈধ অর্থ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এলাকাজুড়ে ব্যাপক আলোড়ন ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ইউনিয়ন ভূমি অফিসের একটি কক্ষে নিজের টেবিলে বসে এক সেবাগ্রহীতার কাছ থেকে টাকা গ্রহণ করছেন মো. মফিজুল ইসলাম। পরে তিনি টাকাগুলো গুনে নিজের পকেটে রেখে দেন। তবে ভিডিওটির সত্যতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
স্থানীয়দের অভিযোগ, জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে অতিরিক্ত অর্থ বা ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। এ বিষয়ে সেবাগ্রহীতা মো. আলিমুদ্দীন অভিযোগ করে বলেন, একটি দলিলের নামজারির জন্য প্রথমে তার কাছে ৬ হাজার টাকা দাবি করা হয়। পরে দুটি দলিলের কথা জানালে মোট ৯ হাজার টাকা দিতে বলা হয়। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তিনি ৯ হাজার টাকা পরিশোধ করেন বলে দাবি করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ভূমি সহকারী কর্মকর্তা মো. মফিজুল ইসলাম কোনো মন্তব্য না করে বিষয়টি নিয়ে ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
এদিকে ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হোসেন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং অভিযোগের বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ করে ঘটনার সত্যতা যাচাই করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।



