

অনলাইন নিউজ ডেস্ক
ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়কে খেজুরগাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করে ডাকাতি এবং গ্রামীণ ব্যাংকের এক শাখা ব্যবস্থাপকের ওপর হামলার ঘটনায় আন্তঃবিভাগীয় ডাকাত চক্রের সর্দারসহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে লুট করা নগদ অর্থ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এবং কোটচাঁদপুর থানা পুলিশের যৌথ অভিযানে কুষ্টিয়ার ভেড়ামারা, রাজবাড়ীর পাংশা ও চুয়াডাঙ্গা সদর এলাকা থেকে সুরত আলী, সর্দার আলতাফ ও আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ৯ জুলাই রাতে কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর-কোটচাঁদপুর সড়কের কুশোকুড়ী মাঠ এলাকায় খেজুরগাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করে একটি ডাকাত দল মোটরসাইকেল আরোহী ও ট্রাকচালকদের গতিরোধ করে। পরে তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।
এ সময় বাধা দিতে গেলে গ্রামীণ ব্যাংকের মুজিবনগর শাখার ব্যবস্থাপক জহুরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার পর জহুরুল ইসলাম বাদী হয়ে কোটচাঁদপুর থানায় একটি মামলা দায়ের করেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



