

অনলাইন নিউজ ডেস্ক
সিলেটের এয়ারপোর্ট থানার তারাপুর চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে ৩৩ বোতল ‘কেরু অ্যান্ড কোং’ (CAREW’S Country Liquor) মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (এসএমপি ডিবি)।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে এসএমপি ডিবির একটি দল তারাপুর চা-বাগান এলাকার জাহাঙ্গীর নগরের পেছনের টিলা বাগানে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় এলাকা ঘিরে ফেলে দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৩৩ বোতল দেশীয় মদ জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দুলাল দাস (৩৫), পিতা—রুবেন দাস এবং মিঠুন গোয়ালা (২৭), পিতা—মানিক গোয়ালা। তারা উভয়েই সিলেটের এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা-বাগান এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, এ ঘটনায় সিলেট এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার টেবিল ২৪(খ)/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হবে।



