

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ গণঅভ্যুত্থানের নেতাদের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি দাবি করেন, নাহিদ ইসলামদের পরামর্শে গঠিত অন্তর্বর্তী সরকার সাবেক রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেওয়ার মাধ্যমে তাকে নতুন করে বৈধতা দিয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন বলেন, বাংলাদেশের সংবিধান রাষ্ট্রপতিকে দায়মুক্তি দিয়েছে। তার ভাষ্য, নাহিদ ইসলামরা যদি সংবিধান অনুযায়ী সদ্য বিদায়ী রাষ্ট্রপতির কাছ থেকে শপথ গ্রহণ না করে একটি বিপ্লবী সরকার গঠন করতেন, তাহলে দায়মুক্তির প্রশ্নটি ভিন্নভাবে বিবেচিত হতে পারত এবং সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগও সৃষ্টি হতো।
তিনি আরও দাবি করেন, বিদায়ী রাষ্ট্রপতির কাছ থেকে শপথ গ্রহণের মাধ্যমে অন্তর্বর্তী সরকার কার্যত তাকে ক্ষমা করে নতুনভাবে বৈধতা দিয়েছে। তাই এখন তার বিচার দাবি করা রাজনৈতিকভাবে অসঙ্গত। রাশেদ খাঁনের মতে, এ ক্ষেত্রে ভুল হয়ে থাকলে নাহিদ ইসলামদের উচিত তা স্বীকার করে জাতির কাছে দুঃখ প্রকাশ করা। তিনি অভিযোগ করেন, বর্তমানে রাষ্ট্রপতির বিচার দাবির মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।
একই পোস্টে তিনি প্রশ্ন তোলেন, অন্তর্বর্তী সরকারের সময় সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন। তার মন্তব্য, দায়িত্বে বহাল রেখে পরে তার বিচার দাবি করা হাস্যকর।
অন্যদিকে, অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্দিন। আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করা সাহাবুদ্দিনের পদত্যাগের পর তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এনসিপির কয়েকজন নেতা।
নেত্রকোনায় এক পথসভায় নাহিদ ইসলাম অভিযোগ করেন, সাবেক রাষ্ট্রপতি আগের সরকারের সহযোগী ছিলেন এবং তাকে আরও আগেই অপসারণ করা প্রয়োজন ছিল। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, যাতে কোনো অজুহাতে তিনি দেশের বাইরে যেতে না পারেন এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়।



