জাতীয়

শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমাণ গাঁজাসহ ভারতীয় নাগরিক আটক

অনলাইন নিউজ ডেস্ক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ কেজি ৮০০ গ্রাম উন্নতমানের গাঁজাসহ ভারতের এক নাগরিককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বিমানবন্দরের আগমনী হলের গ্রীন চ্যানেলে কাস্টমস তল্লাশির সময় তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি মো. জুলফিকার মোল্লা (৩৩)। তিনি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার রাজারহাট এলাকার বাসিন্দা।

ডিএনসির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সার্কেলের সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের একটি বিশেষ দল বিমানবন্দরের গ্রীন চ্যানেলে অবস্থান নেয়। পরে ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে ঢাকায় আসা জুলফিকার মোল্লাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ ও সাক্ষীদের উপস্থিতিতে তার ট্রাভেল ট্রলি ব্যাগ তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে ব্যাগের ভেতরে কাপড়ের নিচে লুকিয়ে রাখা ২১টি পলিথিন প্যাকেট থেকে মোট ১১ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে তার কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট, একটি বোর্ডিং কার্ড এবং জিও ইন্ডিয়ার সিম ব্যবহার করা একটি ওপ্পো ব্র্যান্ডের স্মার্টফোন জব্দ করা হয়েছে।

ডিএনসি জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুলফিকার জানিয়েছেন, বাংলাদেশে কয়েক দিন অবস্থানের পর তার ভারতে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল। উদ্ধার হওয়া মাদকের উৎস এবং এ ঘটনার সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা চক্র জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button