

অনলাইন নিউজ ডেস্ক
গ্যাস সংকট, বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমুখী দাম এবং বিভিন্ন প্রতিষ্ঠান দলীয়করণের অভিযোগ তুলে সরকারকে আর সহযোগিতা করা সম্ভব নয় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
শনিবার (২৫ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের পাঁচ দফা দাবিতে আয়োজিত সিলেট বিভাগীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ঢাকায় বর্তমানে তীব্র গ্যাস সংকট চলছে। এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও সিলিন্ডার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। পাশাপাশি সবজিসহ নিত্যপণ্যের দাম কয়েক গুণ বেড়েছে। তিনি অভিযোগ করেন, বিএনপি বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণের পথে এগোচ্ছে।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আগে নির্বাচন কমিশনের পুনর্গঠন প্রয়োজন। বিভাগীয় সমাবেশের ধারাবাহিকতায় ঢাকায় পরবর্তী মহাসমাবেশ থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
এ সময় তিনি সিলেটবাসীকে ঐক্যবদ্ধভাবে জোটের সঙ্গে থাকার আহ্বান জানান। নাহিদ ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে সরকারকে আর সহযোগিতা করা সম্ভব হচ্ছে না।
এর আগে জুলাই বিপ্লব ও এতে অংশগ্রহণকারীদের আত্মত্যাগের বিষয়টি স্মরণ করে বিএনপিকে সতর্ক করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই বিপ্লবের চেতনা ও তরুণদের আন্দোলনের বিষয়গুলো উপেক্ষা করা হলে এর রাজনৈতিক পরিণতি বিএনপি ও দলটির নেতৃত্বকে বহন করতে হবে।
সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ঐকমত্য কমিশনে সংস্কার বনাম সংশোধনের বিতর্কের সমাপ্তি হয়েছে। তার দাবি, বিএনপি আগে সংস্কারের পক্ষে অবস্থান নিলেও বর্তমানে সে বিষয়ে ভিন্ন অবস্থান প্রকাশ করছে। তিনি বলেন, দেশের মানুষ সংস্কারের দাবিতে জীবন দিয়েছে এবং দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলোও সংস্কারের কথা বলে আন্দোলন করেছে।



