

অনলাইন নিউজ ডেস্ক
সরকারের বিরুদ্ধে আন্দোলনের জন্য নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সরকার যদি জনগণের দাবি উপেক্ষা করে, তাহলে আন্দোলন আরও জোরদার হবে।
শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেটের ঐতিহ্যবাহী সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলের উদ্যোগে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “লড়াইয়ের জন্য প্রস্তুত হন। ঢাকার জন্য ডাক আসবে। ঘরে ঘরে আন্দোলনের দুর্গ গড়ে তুলতে হবে। দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। মুক্তির লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমরা থামব না।”
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “ভালোয় ভালোয় জুলাই সনদ মেনে নিন। যদি তা না মানেন, তাহলে এ দেশের মানুষ জীবন দিয়ে, গুলি খেয়ে এবং পঙ্গুত্ব বরণ করে শিখেছে—মুক্তির পথে কীভাবে এগিয়ে যেতে হয়।”
বর্তমান সরকারের সমালোচনা করে জামায়াতের আমির বলেন, “আমরা বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ চাই না। যারা আজ সরকার পরিচালনা করছেন, তারাও একসময় নিপীড়নের শিকার ছিলেন। কিন্তু দুঃখজনকভাবে তারা সেই অভিজ্ঞতা ভুলে গিয়ে একই পথ অনুসরণ করছেন। সমাজের বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ বাড়ছে এবং দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা চলছে।”
তিনি আরও বলেন, “আমরা তা মেনে নেব না। শেখ হাসিনাকে জনগণ ক্ষমতা থেকে সরিয়েছে। যদি বর্তমান সরকারও ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করে, তাহলে জনগণ তাদের বিরুদ্ধেও একইভাবে রুখে দাঁড়াবে।”
গণভোটের ফল বাস্তবায়নের দাবি জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “দেশের বিভিন্ন স্থানে মানুষের সঙ্গে কথা বলে আমরা একটি বিষয়ই শুনেছি—গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। জনগণ বলছে, সরকারি ও বিরোধী—উভয় পক্ষই ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিল, তারা সেই রায় দিয়েছে। এখন সেই রায়ের বাস্তবায়ন দেখতে চায়। এ নিয়ে আর কোনো টালবাহানা গ্রহণযোগ্য নয়।”
জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করে তিনি বলেন, “আমরা শহীদদের সঙ্গে, জুলাইযোদ্ধাদের সঙ্গে এবং দেশের ১৮ কোটি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না। প্রয়োজনে জীবন দিয়ে হলেও আমরা আমাদের অঙ্গীকার রক্ষা করব।”



