

অনলাইন নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজকের শিশুরা যদি নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে পারে, তবে ভবিষ্যতে একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা ধরে রাখতে আগামী প্রজন্মকে শিক্ষার পাশাপাশি খেলাধুলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে গড়ে উঠতে হবে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের উদ্দেশে বলেন, সরকার একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। তবে সেই প্রচেষ্টা তখনই সফল হবে, যখন নতুন প্রজন্ম নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলবে। তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশ নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, আজকের শিশুদের মধ্য থেকেই ভবিষ্যতের দক্ষ চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি, বিজ্ঞানী এবং আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরি হবে। তাই নিজেদের আত্মগঠন, শৃঙ্খলা ও অধ্যবসায়ের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
পরিবেশ সংরক্ষণে শিশুদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, রাস্তাঘাট, নদী, পুকুর বা আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। কেউ যেখানে-সেখানে ময়লা ফেললে তাকে নিরুৎসাহিত করতে হবে এবং সম্ভব হলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি নদী-খাল-পুকুর দূষণমুক্ত রাখতে সবাইকে সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি।
গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। এতে পরিবেশ সবুজ হবে, বায়ু হবে নির্মল এবং ভবিষ্যৎ প্রজন্ম একটি বাসযোগ্য বাংলাদেশ পাবে।
তিনি পশুপাখির প্রতি সহমর্মিতা প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, মানুষ হিসেবে প্রকৃতির অন্যান্য প্রাণীর প্রতিও দায়িত্ব রয়েছে। যত্ন নিতে না পারলেও তাদের কোনো ধরনের ক্ষতি না করার মানসিকতা গড়ে তুলতে হবে।
সরকার শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পড়াশোনা, খেলাধুলা, সংগীত, চিত্রাঙ্কন কিংবা অন্য যেকোনো সৃজনশীল ক্ষেত্রে শিশুদের বিকাশে সরকার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।
অনুষ্ঠানের শেষদিকে উপস্থিত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে শিশুদের অর্জন ও ইতিবাচক কর্মকাণ্ডকে সংবাদমাধ্যমে আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। আগামী দিনের সংবাদে শিশুদের সাফল্য ও সম্ভাবনাকে অগ্রাধিকার দিয়ে তুলে ধরার আহ্বান জানান তিনি।



