

অনলাইন নিউজ ডেস্ক
বিএনপির নেতা রাশেদ খাঁন মনে করেন, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার সাম্প্রতিক বক্তব্যের মধ্যে উল্লেখযোগ্য সাদৃশ্য রয়েছে।
শনিবার (৬ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন বলেন, একসময় রুমিন ফারহানা যখন জামায়াত ও এনসিপির সমালোচনা করতেন, তখন তাঁকে ‘গণশত্রু’ হিসেবে উপস্থাপন করা হতো। কিন্তু বর্তমানে বিএনপির সমালোচনা করায় তিনি ওই মহলের কাছে ‘গণবন্ধু’ হয়ে উঠেছেন বলে দাবি করেন তিনি।
পোস্টে তিনি অতীতে রুমিন ফারহানা ও এনসিপি নেতাদের মধ্যে হওয়া অভিযোগ-পাল্টা অভিযোগের প্রসঙ্গও উল্লেখ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, নির্বাচন কমিশনকে কেন্দ্র করে সংঘটিত এক ঘটনার পর এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ রুমিন ফারহানাকে বিএনপির ‘আওয়ামী লীগবিষয়ক সম্পাদক’ বলে আখ্যায়িত করেছিলেন।
রাশেদ খাঁন আরও দাবি করেন, সে সময় এনসিপির কিছু নেতা রুমিন ফারহানাকে ‘লেডি হিটলার’ বলেও অভিহিত করেছিলেন। অন্যদিকে রুমিন ফারহানাও অভিযোগ করেছিলেন যে, এনসিপির কর্মীরা তাঁকে ধাক্কা দিয়েছেন।
তিনি বলেন, বর্তমানে জামায়াত, এনসিপি এবং রুমিন ফারহানার বক্তব্যের মধ্যে মিল লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন টকশোতে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে রুমিন ফারহানার দেওয়া বক্তব্য এখন বিএনপির বিরুদ্ধে প্রচার করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
রাশেদ খাঁনের মতে, এ ধরনের রাজনৈতিক অবস্থান পরিবর্তনের কারণে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে অল্প সময়ের ব্যবধানে ‘গণশত্রু’ থেকে ‘গণবন্ধু’ হয়ে ওঠার ঘটনা বিরল নয়, এবং রুমিন ফারহানার ক্ষেত্রে সেটিই ঘটেছে।



