রাজনীতি

একই অভিযোগে বিএনপির ২৮ নেতাকর্মী বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে এবং সংগঠনবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে বিএনপির ২৮ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে জেলা, উপজেলা, পৌর ও ওয়ার্ড পর্যায়ের বর্তমান ও সাবেক নেতারা রয়েছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নোয়াখালী, পটুয়াখালী ও পিরোজপুর জেলার বিভিন্ন পর্যায়ের নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বহিষ্কৃতদের মধ্যে নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য খন্দকার আবুল কালাম, হাতিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি কাজী আব্দুর রহিম, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোছলে উদ্দিন নিজাম চৌধুরীসহ একাধিক নেতা রয়েছেন। এছাড়া পটুয়াখালীর দশমিনা ও গলাচিপা উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন ও পৌর শাখার নেতাদেরও বহিষ্কার করা হয়েছে। পিরোজপুরের স্বরূপকাঠী এলাকার কয়েকজন পৌর ও ওয়ার্ড পর্যায়ের নেতাও তালিকায় আছেন। কেন্দ্রীয় কৃষকদলের এক সদস্যও এ সিদ্ধান্তের আওতায় পড়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্টদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দল মনোনীত প্রার্থীর বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করা এবং বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। একই কারণে আরও কয়েকজন নেতার বিরুদ্ধেও ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button