জাতীয়

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাও, নাহিদের হুঁশিয়ারি

অনলাইন নিউজ ডেস্ক

গ্যাসের দাম বাড়ানো হলে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত পাঁচ মাসে দফায় দফায় জ্বালানির দাম বাড়িয়েছে। পাশাপাশি গ্যাস সরবরাহ না থাকলেও গ্রাহকদের নিয়মিত বিল পরিশোধ করতে হচ্ছে বলেও দাবি করেন তিনি।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে হবিগঞ্জে সংঘর্ষে চোখ হারানো আলিফ চৌধুরীর খোঁজ নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

আলিফ চৌধুরীর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, শনিবার (১ আগস্ট) বোর্ড মিটিংয়ের পর চিকিৎসকরা তার স্বাস্থ্যের বিস্তারিত জানাবেন।

হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় বিএনপির দিকে অভিযোগের আঙুল তোলেন নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, হামলাকারীদের বিরুদ্ধে কোনো সাংগঠনিক বা আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। তার ভাষ্য, এ ধরনের ঘটনায় সরকারের পক্ষ থেকে নীরবতার বার্তা যাচ্ছে।

নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, দেশজুড়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব বেড়েছে। তিনি দাবি করেন, ১২টি প্রতিষ্ঠানে দলীয় লোক নিয়োগ দেওয়া হয়েছে। তবে তিনি কোন কোন প্রতিষ্ঠানের কথা বলেছেন, তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট করেননি।

এনসিপির আহ্বায়ক বলেন, সরকার শিগগিরই জনগণের ব্যাপক প্রতিরোধের মুখে পড়তে পারে। জনগণকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের এমন কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনাও করেন নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, তারেক রহমান দল ও দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button