রাজনীতি

নীতিতে না থাকায় আওয়ামী লীগ ছেড়েছি : মান্না

অনলাইন নিউজ ডেস্ক

 

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের প্রার্থী ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, স্বৈরাচারকে স্বৈরাচার দিয়ে মোকাবিলা করা যায় না; গণতন্ত্র দিয়েই স্বৈরাচারের মোকাবিলা করতে হয়।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান বন্দরে নিজ প্রতীক কেটলি মার্কার পক্ষে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তবে দলটি নীতি থেকে সরে যাওয়ায় তিনি সেখান থেকে বেরিয়ে আসেন। তিনি বলেন, “আওয়ামী লীগ যদি তাদের ভুল স্বীকার করে অনুতপ্ত হয় এবং আবার নীতিতে ফিরে আসে, তাহলে সবাইকে নিয়েই দেশ গড়ার যে কথা বলা হচ্ছে, তাতে আমি থাকতে পারি।”

তিনি আরও বলেন, বড় বড় দলগুলোর মধ্যেও অনেক সময় নীতির প্রশ্নে ঘাটতি দেখা যায়। তবে এসব কথা তিনি সমালোচনার উদ্দেশ্যে বলছেন না। তিনি রাজনৈতিক দলগুলোকে বন্ধু হিসেবেই দেখতে চান এবং তাদের সঙ্গে তার সম্পর্ক খারাপ হয়নি বলে জানান।

মান্না বলেন, তাকে প্রার্থী ঘোষণা করার পরও সংশ্লিষ্ট দল নিজেদের দলের কাউকে মনোনয়ন দিয়েছে। বিষয়টি নিয়ে তার কোনো অভিযোগ নেই। তিনি বলেন, “এটা তাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার। তারা যা ইচ্ছা করতে পারে। তবে আমার লড়াই আমি চালিয়ে যাব, সেখান থেকে সরে আসব না।”

তিনি আরও বলেন, ব্যক্তিগতভাবে তিনি কাউকে আক্রমণ বা সমালোচনা করতে চান না। গণসংযোগের অংশ হিসেবে তিনি দেউলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে যান।

পরে সন্ধ্যায় উপজেলা সদরে নাগরিক ঐক্যের ডিজিটাল প্রচারণা গাড়ির উদ্বোধন করেন তিনি।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বগুড়া জেলা নাগরিক ঐক্যের নেতা পিয়াল রহমান, শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহীদুল ইসলাম, সদস্যসচিব এনামুল হক, পৌর কমিটির আহ্বায়ক রুহুল আমিন, মাহবুব মোরশেদ, যুব ঐক্যের নেতা অমিত হাসানসহ অন্যান্য নেতাকর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button