

ভোটের মাঠে কাজ করার সময় ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা এবং শালীন ভাষায় যুক্তিসঙ্গত সমালোচনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি বলেন, ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণকালে অনেকেই একে অপরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে পারেন। তবে সমালোচনা করার অধিকার সবার আছে, তা কখনও শালীনতার সীমা অতিক্রম করা উচিত নয়।
জামায়াত আমির আরও বলেন, সমালোচনা সবসময় যুক্তি ও ভদ্র ভাষার সঙ্গে করা উচিত। এমন কোনো ভাষা ব্যবহার করা উচিত নয়, যা অন্যকে আহত করতে পারে। এমনকি আপনার প্রিয়জনকে যদি কেউ অশোভনভাবে সমালোচনা করে, তাতেও উত্তর দেওয়া উচিত ভদ্র ও যুক্তিপূর্ণভাবে। তিনি আশা প্রকাশ করেন, তার এই পরামর্শ সবাই গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং আল্লাহ তায়ালার সাহায্য কামনা করেন।



