

কিশোরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বেকার ভাতা নয়—যুবসমাজকে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
তরুণদের উদ্দেশে তিনি বলেন, ভবিষ্যতে দেশের নেতৃত্ব তরুণদের হাতেই থাকবে। এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে তারা গর্ব করে বলতে পারবে—আমরাই বাংলাদেশ। তিনি বলেন, দেশের উন্নয়নের ককপিটে তরুণদের বসাতে চায় জামায়াত।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাওরাঞ্চলের গুরুত্ব তুলে ধরে জামায়াত আমির বলেন, দেশের এক-তৃতীয়াংশ এলাকা হাওরভূমি, যা খাদ্যের পাশাপাশি প্রোটিনের জোগান দেয়। কিন্তু উন্নয়নের নামে নদী ও জলাভূমি নষ্ট করা হয়েছে। নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে এনে উন্নয়ন কার্যক্রম শুরু করার কথা জানান তিনি।
তিনি বলেন, কৃষক যেন নির্বিঘ্নে চাষ করতে পারেন, শ্রমিক ন্যায্য মজুরি পান এবং সবাই মানবিক মর্যাদায় জীবনযাপন করতে পারে—এমন রাষ্ট্র গড়তে চান তারা। অক্ষমদের দায়িত্ব সরকার নেবে, নারীদের নিরাপত্তা এবং শিশুদের চিকিৎসা ও শিক্ষার নিশ্চয়তার কথাও উল্লেখ করেন তিনি।
কিশোরগঞ্জ কৃষিনির্ভর জেলা উল্লেখ করে তিনি বলেন, কৃষিকে কেন্দ্র করেই উন্নয়ন পরিকল্পনা নেওয়া হবে এবং কৃষিকে শিল্পে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
অর্থের জোগান প্রসঙ্গে তিনি বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা করে উন্নয়নে ব্যয় করা হবে।
ধর্মীয় সম্প্রীতির বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের মানুষ স্বভাবগতভাবে ধর্মপ্রাণ এবং পারস্পরিক সহাবস্থানে বিশ্বাসী। ধর্মকে বিভেদের হাতিয়ার বানানোর সুযোগ কাউকে দেওয়া হবে না।
নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, এ ঘটনার মাধ্যমে তার নামে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে।
ডা. শফিকুর রহমান বলেন, তারা দলীয় বা গোষ্ঠীগত বিজয় নয়—দেশের সব মানুষের বিজয় দেখতে চান। পরিবারতন্ত্র বা দলতন্ত্রের পরিবর্তে স্বচ্ছ ও আলোকিত রাজনীতির কথা বলেন তিনি।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভোটাধিকার কেউ কেড়ে নিতে পারবে না। ভোটাররা নিজের ভোট নিজে দেবেন এবং তা সুরক্ষিত রাখবেন।
প্রশাসনের প্রতি নিরপেক্ষ ও পেশাদার আচরণ বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যায় কোনো চাপ গ্রহণ না করতে। সুষ্ঠু নির্বাচনে যে নির্বাচিত হবেন, তাকে অভিনন্দন জানাতে প্রস্তুত আছেন বলেও জানান তিনি।
সমাবেশে জেলা জামায়াতের আমির ও এমপি প্রার্থী অধ্যাপক মো. রমজান আলীর সভাপতিত্বে বিভিন্ন আসনের প্রার্থী ও রাজনৈতিক নেতারা বক্তব্য দেন। সভাপতির বক্তব্যে রমজান আলী হাওর উন্নয়ন বোর্ড পুনর্গঠন, কৃষিপণ্য সংরক্ষণে হিমাগার নির্মাণ, আঞ্চলিক সড়ক উন্নয়ন এবং আধুনিক কৃষি ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনার কথা তুলে ধরেন।



