

মৌলভীবাজারে গ্যাং ও অপরাধ শূন্য করার পরিকল্পনা নাসের রহমানের
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের দলীয় মনোনীত প্রার্থী এম নাসের রহমান জানিয়েছেন, “ধানের শীষ বিজয়ী হলে মৌলভীবাজারে কিশোর গ্যাং তো দূরের কথা, অ্যাডাল্ট গ্যাংসহ কোনো গ্যাংয়েরই অস্তিত্ব থাকবে না। সব গ্যাং মনু নদীতে ভেসে যাবে। চাঁদাবাজির শব্দও কেউ শুনবে না। সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে।”
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে ইয়ুথ ফোরাম মৌলভীবাজারের আয়োজনে ক্রীড়া ও সামাজিক সংগঠন এবং তরুণ সমাজের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসের রহমান জানান, মৌলভীবাজার ও রাজনগরের তরুণদের মাঠমুখী করার জন্য সুটিং ক্লাব চালু করা হবে এবং নিয়মিত ফুটবল লীগ আয়োজন করা হবে। শেরপুরের আইনপুর মাঠকে পূর্ণাঙ্গ খেলাধুলার উপযোগী করা হবে। কলেজ মাঠগুলো উন্নয়ন করে ফুটবল ও ক্রিকেটের স্থায়ী অনুশীলনের ব্যবস্থা করা হবে। আধুনিক সুইমিংপুল নির্মাণও প্রথম অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, কাবাডি খেলোয়াড়দের জন্য আলাদা ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হবে এবং একটি আধুনিক মাল্টিপারপাস ইনডোর স্পোর্টস কমপ্লেক্স গড়ে তোলা হবে, যাতে তরুণরা নিয়মিত খেলাধুলার সুযোগ পায়। কাশীনাথ স্কুলে একটি স্থায়ী স্টেডিয়ামের ঘোষণা দেওয়া হয়েছে, যেখানে কোনো বাণিজ্যিক মেলা আয়োজন করা হবে না—খেলাধুলার জায়গা খেলাধুলার জন্যই থাকবে।



