রাজনীতি

খালেদা জিয়ার স্বপ্নের ফেনী গড়তে ধানের শীষে ভোট দিন : রফিকুল আলম

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের দলের মনোনীত প্রার্থী মুন্সী রফিকুল আলম মজনু বলেছেন, “আপনাদের ভোটে আমাদের মা বেগম খালেদা জিয়া ফেনী-১ আসন থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। আমি তার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে তার অসমাপ্ত কাজ শেষ করতে চাই। মা যে প্রতীক, ধানের শীষ, তা দিয়ে ভোট দিয়ে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ দিন।”

শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ফেনীর পরশুরাম উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

রফিকুল আলম মজনু বলেন, “মায়ের আমানত হিসেবে অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করব। উন্নয়নের স্বার্থে খালেদা জিয়ার এলাকা হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুনভাবে এগিয়ে নিয়ে যাব। তিনি যে ইশতেহার ঘোষণা করেছেন, তার আলোকে ফেনী-১ আসনকে গড়ে তুলব। মায়ের দেওয়া দায়িত্ব পূর্ণ করার জন্য জীবন দিতে হলেও এ এলাকা উন্নত হবে।”

তিনি আরও বলেন, “সন্ত্রাস ও চাঁদাবাজদের কঠোরভাবে প্রতিরোধ করব। যারা এসবের সঙ্গে যুক্ত থাকবে, তাদের কোনো জায়গা দেওয়া হবে না। ধর্মের দোহাই দিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের কাছে বিশ্বাস করবেন না। আমি নির্বাচিত হলে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সমাজ ব্যবস্থা গড়ে তুলব, যেখানে প্রত্যেকে স্বাধীনভাবে তার ধর্ম পালন করতে পারবে।”

রফিকুল আলম মজনু বলেন, “তারেক রহমানের নেতৃত্বে শহীদ জিয়ার উন্নয়নের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। নির্বাচিত হলে ফেনী-১ আসনের তিনটি উপজেলায় মিনি স্টেডিয়াম চালু করব। ফেনী বিলোনীয়া রেলপথ পুনরায় চালু করা হবে। খাল খনন করে কৃষিতে বিপ্লব আনা হবে। এছাড়া স্বাস্থ্য ও শিক্ষাসহ নানামুখী উন্নয়ন করা হবে।”

পরশুরাম উপজেলা বিএনপির সভাপতি আবদুল হালিম মানিকের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল আলিম মাকসুদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক বেলাল আহমদ, প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক রেহানা আক্তার রানু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য জালাল উদ্দিন মজুমদার, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার। এছাড়া পরশুরাম উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button