

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মদন–মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর নিজ কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২ মিনিটে তিনি মদন কোর্ট ভবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রতে সাধারণ ভোটারদের সঙ্গে সারিতে দাঁড়িয়ে ভোট দেন। এ সময় তার পরিবারের সদস্যরাও ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট দেওয়ার পর বাবর বলেন, জীবনে কখনো ভোট দিতে পারবেন—এমনটা তিনি ভাবেননি। দীর্ঘ ১৭ বছর পর ভোট দিতে পেরে তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি জানান, তার স্ত্রী ও সন্তানরাও এবার প্রথমবারের মতো তার সঙ্গে ভোট দিয়েছেন।
এই আসনে বাবরসহ মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্য প্রার্থীরা হলেন—জামায়াতে ইসলামীর আল হেলাল তালুকদার, কমিউনিস্ট পার্টির পজলি তালুকদার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুখলেছুর রহমান। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৩০৮ জন।



