রাজনীতি

প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করে না বিএনপি: মঈন খান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তিনি বলেন, বিএনপি আইনের শাসন ও গণতন্ত্রে আস্থাশীল।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ড. মঈন খান বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়েই বিএনপি রাজনীতি করে যাচ্ছে।

তিনি দাবি করেন, দীর্ঘ সময় পর জনগণের ভোটে যে পরিবর্তন এসেছে, তা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ধারাবাহিকতার অংশ। বিগত ১৭ বছর দেশে গণতন্ত্র বাধাগ্রস্ত ছিল বলেও তিনি মন্তব্য করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন জেলায় আওয়ামী লীগ কার্যালয় খোলা বা জুলাইয়ের সহিংসতার সঙ্গে জড়িতদের রাজনীতিতে ফেরার বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট—দল আইন নিজের হাতে তুলে নেওয়ার পক্ষে নয়। কেউ অপরাধ করলে তার বিচার আইনের মাধ্যমেই হওয়া উচিত বলে তিনি উল্লেখ করেন।

বর্তমান প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানর আহ্বানে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন জানিয়ে ড. মঈন খান বলেন, বিএনপি সব রাজনৈতিক দলকে নিয়ে গণতান্ত্রিক পরিবেশে রাজনীতি করতে চায়। তিনি একদলীয় শাসন বা জোরপূর্বক রাজনীতি চাপিয়ে দেওয়ার সংস্কৃতির বিরোধিতাও করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার শাখাওয়াত হোসেন বকুল, সংসদ সদস্য খায়রুল কবির খোকনসহ কয়েক শতাধিক নেতাকর্মী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button