সারাদেশ

এমসি কলেজ ছাত্রকে মারধর, ২২ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সিলেট :

সিলেটের শাহপরাণ এলাকায় এমসি কলেজের এক শিক্ষার্থীকে মারধর ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে এমসি কলেজ ছাত্রী হোস্টেলের সামনের সড়কে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী।
অভিযোগকারী নাসিম আহমদ মুমিন (২১) এমসি কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং কলেজ ছাত্রাবাসের ৪র্থ ব্লকের আবাসিক ছাত্র। এ ঘটনায় তিনি শাহপরাণ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে নাসিম আহমদ মুমিন উল্লেখ করেন, বৃহস্পতিবার দুপুরে তিনি তাঁর এক বন্ধুকে সঙ্গে নিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় যান। পরে দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে মিশুকযোগে ফেরার পথে মাদানীবাগ এলাকায় এমসি কলেজ ছাত্রী হোস্টেলের সামনে পৌঁছালে অপর একটি মিশুকে থাকা কয়েকজন ব্যক্তি তাঁদের উদ্দেশ করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করেন।
অভিযোগে বলা হয়, পরে মাদানীবাগ স্টেশনে নামার পর গালিগালাজের কারণ জানতে চাইলে অভিযুক্তরা অতর্কিতভাবে তাঁকে কিল-ঘুষি মেরে মাটিতে ফেলে মারধর করেন। একপর্যায়ে তাঁর কাছে থাকা ল্যাপটপ কেনার জন্য রাখা নগদ ২২ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর স্থানীয়দের মাধ্যমে অভিযুক্ত তিনজনের পরিচয় জানতে পারেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তিও ঘটনায় জড়িত ছিলেন বলে দাবি করা হয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী জানান, ঘটনার পর তিনি কলেজ প্রশাসন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়টি অবগত করেন এবং প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর থানায় লিখিত অভিযোগ দেন।
এ বিষয়ে জানতে শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-র বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button