

অনলাইন নিউজ ডেস্ক
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনে সাইপ্রাসের প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হওয়ার পর দেশে ফিরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এ অর্জনকে বাংলাদেশের বিজয় এবং গণতন্ত্রের বিজয় হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এই সাফল্য বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি উৎসর্গ করা হলো।
বৃহস্পতিবার (৪ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ড. খলিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর দৃঢ় সমর্থন ছাড়া এ বিজয় সম্ভব হতো না। তার সমর্থনের কারণেই দীর্ঘ সময়ের কূটনৈতিক পথচলা অল্প সময়ে সফলভাবে সম্পন্ন করা গেছে।
তিনি আরও জানান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ন কবীর এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় এই অর্জন সম্ভব হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রীর পদে থাকা অবস্থায় জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অতীতেও এমন নজির রয়েছে। প্রায় চার দশক আগে হুমায়ুন রশীদ চৌধুরী একই সময়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তাই দুই দায়িত্ব একসঙ্গে পালন করা সম্ভব।



