

অনলাইন নিউজ ডেস্ক
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অন্যান্য মন্ত্রণালয়ের বিষয়ে যে আগ্রহ ও তৎপরতা দেখান, সেই একই মনোযোগ যদি নিজের মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে দিতেন, তাহলে দেশের মানুষ আরও বেশি উপকৃত হতো বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
শুক্রবার (২৬ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের ঘাগড়াজুড়ি গ্রামে একটি সড়কের নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, দেশের অর্থনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি না হলে সরকারের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। নতুন অর্থবছরের বাজেটের বাস্তবায়নযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, এ বিষয়ে তিনি সংসদেও বক্তব্য দিয়েছেন।
তিনি অভিযোগ করেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের তুলনায় অনেক বেশি নাজুক। তার ভাষ্য, সরকারের সবচেয়ে বেশি দায়িত্ব অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর বর্তায়। তবে স্বরাষ্ট্রমন্ত্রী অন্যান্য মন্ত্রণালয়ের বিষয়ে যতটা সক্রিয়, নিজের মন্ত্রণালয়ের দায়িত্বে ততটা মনোযোগী হলে জনগণ উপকৃত হতো।
এ সময় তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ‘মামলা বাণিজ্য’ চলছে। বিষয়টি তদন্তের জন্য সরকারের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো কর্মকাণ্ডই অদেখা বা অজবাবদিহিতার মধ্যে থাকে না; একসময় সবারই জবাবদিহি করতে হয়।
এ সময় রুমিন ফারহানার সঙ্গে তার কর্মী-সমর্থকরাও উপস্থিত ছিলেন।



