

অনলাইন নিউজ ডেস্ক
বিএনপি নেতা রাশেদ খান মন্তব্য করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের পর জামায়াত ও এনসিপির রাজনৈতিক বয়ানের ভিত্তি ভেঙে পড়েছে।
শনিবার (৪ জুলাই) রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি বলেন, “আজ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে মোটামুটি জামায়াত-এনসিপির বয়ানের রাজনীতির অবসান ঘটেছে। আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে, আর দাফন হয়েছে দিল্লিতে। বাংলাদেশে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না। সন্ত্রাসবিরোধী আইনে দলটির কার্যক্রম নিষিদ্ধ হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) তাদের বিচার চলছে—এসব বিষয় নিয়েই জামায়াত ও এনসিপি এতদিন রাজনীতি করে এসেছে।”
তিনি আরও দাবি করেন, “বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ তুলে গণঅভ্যুত্থানপন্থী জনগণকে ধারাবাহিকভাবে বিভ্রান্ত ও উসকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু আজ সেই রাজনীতির ভিত্তি ভেঙে পড়েছে।”
রাশেদ খানের ভাষ্য, “জামায়াত ও এনসিপির এখন উচিত রাষ্ট্র পুনর্গঠনের রাজনীতিতে মনোযোগ দেওয়া। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে শুধু ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যে বয়াননির্ভর রাজনীতি দীর্ঘস্থায়ী হতে পারে না। মিথ্যা যতই সাময়িক জনপ্রিয়তা পাক, শেষ পর্যন্ত তার পতন অনিবার্য। আজ সেই বয়ানভিত্তিক রাজনীতিরই পতন ঘটেছে।”



