জাতীয়

নাহিদ-আসিফ-মাহফুজের অন্তর্বর্তী সরকারে যাওয়ার সিদ্ধান্ত ভুল ছিল

অনলাইন নিউজ ডেস্ক

দৈনিক আমার দেশ–এর সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, জুলাই গণ–অভ্যুত্থানের পর বিপ্লবীদের প্রতিনিধি হিসেবে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দেওয়ার সিদ্ধান্তটি সঠিক ছিল না। তার মতে, ক্ষমতার অংশীদার হওয়ার পরিবর্তে তাদের সরকারের বাইরে থেকে বিপ্লবের মূল দর্শন প্রতিষ্ঠা এবং একটি নতুন বিপ্লবী রাজনৈতিক দল গঠনে মনোযোগ দেওয়া উচিত ছিল।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর দ্য ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে ‘জুলাই গণ–অভ্যুত্থানের শহীদ, বিশেষত শহীদ প্রকৌশলীদের স্মরণে’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স অব বাংলাদেশ (এনইএবি) এ অনুষ্ঠানের আয়োজন করে।

মাহমুদুর রহমান বলেন, ফ্যাসিবাদের দোসরদের বর্তমান স্পর্ধার পেছনে বিপ্লবীদের অনৈক্য ও কিছু কৌশলগত ভুল সিদ্ধান্ত দায়ী। কিউবার বিপ্লবের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, বিপ্লবের পর হয় সবাই মিলে সরকার গঠন করতে হয়, নয়তো সরকারের বাইরে থেকে নেতৃত্ব দিতে হয়। প্রচলিত ব্যবস্থার অধীনে গঠিত সরকারে অংশ নেওয়ার ফলে প্রশাসনিক ব্যর্থতার দায়ও বিপ্লবীদের কাঁধে বর্তেছে। বাইরে থাকলে তারা ‘জুলাই দর্শন’ প্রণয়ন এবং আন্দোলনের প্রকৃতি আরও সুস্পষ্টভাবে তুলে ধরতে পারতেন বলে মন্তব্য করেন তিনি।

তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তকে তিনি সময়োপযোগী ও যথাযথ বলে অভিহিত করেন। সে সময়ের রাজনৈতিক বাস্তবতায় অধ্যাপক ইউনূসের কোনো কার্যকর বিকল্প ছিল না বলেও মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় সাবেক সেনা কর্মকর্তা আবদুল্লাহিল আমান আযমী একটি ‘জাতীয় পুনর্মিলন উদ্যোগ’ গঠনের ঘোষণা দেন। তিনি জানান, রাজনৈতিক সংঘাত ও পারস্পরিক বিদ্বেষ কমাতে অরাজনৈতিক, দেশপ্রেমিক ও দূরদর্শী ব্যক্তিদের নিয়ে এই উদ্যোগ কাজ করবে।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মারদিয়া মমতাজ সংসদীয় কার্যক্রমের সমালোচনা করে বলেন, অনেক সংসদ সদস্য আইন বা বিলের বিষয়বস্তু না বুঝেই দলীয় নির্দেশনা অনুযায়ী ভোট দেন।

প্রধান বক্তার বক্তব্যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সরকারের নজরদারি ব্যবস্থার সমালোচনা করে অভিযোগ করেন, সিসিটিভি ব্যবস্থার মাধ্যমে সাধারণ নাগরিক ও রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করা হচ্ছে।

এনইএবির আহ্বায়ক মো. আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এনসিপির সংসদ সদস্য আতিক মোজাহিদ, ঢাকা জেলা উত্তর শাখার আহ্বায়ক নাবিলা তাসনিদ, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম এবং শহীদ জাহিদুজ্জামান তানভীনের মা বিলকিস জামানসহ আরও অনেকে বক্তব্য দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button