খেলাধুলা

২০৩০ বিশ্বকাপের জন্য চুক্তি’, খুদে ভক্তের আবদারে স্বাক্ষর করলেন স্কালোনি

অনলাইন নিউজ ডেস্ক

ফুটবলে কোনো কোচকে ঘিরে সমর্থকদের এমন আবেগ খুব একটা দেখা যায় না। তবে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনিকে ঘিরে সেই ব্যতিক্রমী ভালোবাসারই আরেকটি উদাহরণ মিলেছে তাঁর নিজ শহর পুজাতোতে।

বর্তমানে সান্তা ফে প্রদেশের পুজাতোতে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন ২০২২ বিশ্বকাপজয়ী এই কোচ। প্রতিদিনই হাজারো সমর্থক ভিড় করছেন তাঁর সঙ্গে দেখা করতে, ছবি তুলতে কিংবা অটোগ্রাফ নিতে।

এমনই এক দিনে ফ্রাঙ্কো ওটাভিয়ানি নামের এক খুদে ভক্ত নিজের হাতে তৈরি একটি ছোট্ট ‘চুক্তিপত্র’ নিয়ে হাজির হয়। কাগজটিতে বড় অক্ষরে লেখা ছিল— ‘২০৩০ বিশ্বকাপের জন্য চুক্তি।’

শিশুটির সরল আবদার ফিরিয়ে দেননি স্কালোনি। অন্য অটোগ্রাফের মতোই হাসিমুখে সেই ‘চুক্তিপত্রে’ স্বাক্ষর করেন তিনি। মুহূর্তটি উপস্থিত সমর্থকদের আবেগাপ্লুত করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সাড়া ফেলে।

এরপর শিশুটি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লাউদিও তাপিয়ার উদ্দেশে একটি বার্তাও দেয়। তার বাবার প্রকাশ করা ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘এবার আপনার পালা।’ অর্থাৎ, স্কালোনির স্বাক্ষর নেওয়ার কাজ সে শেষ করেছে, এখন আনুষ্ঠানিক চুক্তি করার দায়িত্ব এএফএর।

খুদে ভক্তের এই উদ্যোগ এমন সময় সামনে এলো, যখন স্কালোনির ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছে। স্পেনের কাছে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে হারের পর নিজের ভবিষ্যৎ সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চুক্তি থাকায় আমি ডিসেম্বর পর্যন্ত থাকব। এরপর সম্ভবত আমাকে সরে যেতে হবে।’

এই বক্তব্যের পর থেকেই স্কালোনির ভবিষ্যৎ নিয়ে আর্জেন্টাইন সমর্থকদের উদ্বেগ বেড়েছে। আর সেই কারণেই হয়তো এক খুদে ভক্ত নিজের মতো করেই প্রিয় কোচকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ধরে রাখার প্রতীকী উদ্যোগ নিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button