

অনলাইন নিউজ ডেস্ক
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ছয়টি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় দুই নারী নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী বাজারের দক্ষিণে টানেল সংযোগ চত্বরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরি এলাকার কাজল দত্তের স্ত্রী পলি দত্ত (৩০) এবং একই এলাকার শিমুল শীলের স্ত্রী ইফা শীল (৪০)।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, টানেল হয়ে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস (চট্টমেট্রো-জ-১১-০২৯০) টানেল সংযোগ চত্বরে একসঙ্গে দাঁড়িয়ে থাকা কয়েকটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে সড়কের পাশের একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে অটোরিকশাগুলো দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ যাত্রীরা গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, হাসপাতালে আনার আগেই দুই নারীর মৃত্যু হয়েছিল। তিনি বলেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন এবং আহতদের কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।



