জাতীয়

৫ আগস্ট ঢাকায় সমাবেশ-গণমিছিল করবে ইসলামী আন্দোলন

অনলাইন নিউজ ডেস্ক

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজধানীর পল্টন মোড়ে সমাবেশ ও গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলটির আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

শনিবার (১ আগস্ট) রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের থানা নেতাদের যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতির বক্তব্যে দলের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে রাজনৈতিক নেতৃত্ব হিসেবে চরমোনাই পীর সরাসরি মাঠে ছিলেন এবং দলের অস্তিত্বকে বাজি রেখে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

তিনি আরও বলেন, আগামী ৫ আগস্ট জুলাইয়ের চেতনা ও শক্তির পুনঃপ্রকাশ ঘটানো হবে। জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নের দাবিতে সেদিন রাজধানীর রাজপথ জনতার স্লোগানে মুখর থাকবে।

যৌথসভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ৫ আগস্ট সকাল ১১টায় পল্টন মোড়ে সমাবেশ শুরু হবে। জোহরের নামাজের আগে সমাবেশ শেষে গণমিছিল অনুষ্ঠিত হবে।

সভায় ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা কে এম শরীয়াতুল্লাহ সঞ্চালনা করেন। এ সময় সহ-সভাপতি জিএম রুহুল আমীন, আলহাজ আনোয়ার হোসেন, এমএইচ মোস্তাফা, আলহাজ আব্দুল আউয়ালসহ নগর দক্ষিণের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button