রাজনীতি

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

সিলেট: সিলেটে ঝটিকা মিছিল করার দাবি করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। শনিবার (১ আগস্ট) সকালে সিলেট সদর উপজেলা ছাত্রলীগের ব্যানারে এ মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। তবে মিছিলটি শনিবারই অনুষ্ঠিত হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত নয় সিলেট মহানগর পুলিশ।

জানা গেছে, শনিবার সকাল আনুমানিক ৬টার দিকে সিলেট সদর উপজেলার একটি এলাকায় ২০ থেকে ২৫ জনের একটি দল ঝটিকা মিছিল করে। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন।

সিলেট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী সফাত তাঁর ফেসবুক আইডিতে মিছিলের কয়েকটি ছবি প্রকাশ করেন। পোস্টে তিনি দাবি করেন, দলীয় নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রত্যাহারের দাবিতে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এদিকে আত্মগোপনে থাকা সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল ইসলামও তাঁর ফেসবুক আইডিতে মিছিলের একটি ভিডিও শেয়ার করেন। পোস্টে তিনি দাবি করেন, সিলেট সদর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা অংশ নেন এবং ভবিষ্যতে জেলার অন্যান্য উপজেলাতেও একই ধরনের কর্মসূচি পালনের ইঙ্গিত দেন।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কিছু ছবি ও ভিডিও তাদের নজরে এসেছে। তবে এসব ছবি ও ভিডিও দেখে নিশ্চিত হওয়া যায়নি যে মিছিলটি শনিবারই অনুষ্ঠিত হয়েছে কি না। বিষয়টি নিয়ে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই চলছে বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button