

ক্রিকেটারদের আলটিমেটামের মুখে শেষ পর্যন্ত এম নাজমুল ইসলামকে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবির সভাপতি আমিনুল ইসলাম অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে প্রকাশিত বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সম্প্রতি একের পর এক মন্তব্য করে বিতর্কে জড়ান এম নাজমুল ইসলাম। বিশেষ করে ক্রিকেটারদের আয়ের উৎস ও তাদের ভূমিকা নিয়ে দেওয়া তার বক্তব্য ক্রিকেট অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এসব মন্তব্য ঘিরে দেশজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
এই পরিস্থিতিতে কোয়াব, জাতীয় দলের ক্রিকেটার এবং অধিনায়করা প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন এবং তার পদত্যাগের দাবিও জোরালো হয়। শেষ পর্যন্ত চাপের মুখে এম নাজমুল ইসলামকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।



