

দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়া।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি দাখিল করা হয়। আদালতের কার্যতালিকায় এটি ৬৫ নম্বর ক্রমিকে রয়েছে।
জানা গেছে, মো. আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বৈধতা চ্যালেঞ্জ করে আপিল করেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের (মুক্তি জোট) প্রার্থী কাজী নুরে আলম সিদ্দিক। রোববার বিকেলে নির্বাচন ভবনে উভয় পক্ষের আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দেয়।
নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়, বিএনপির এই প্রার্থী তার নির্বাচনী হলফনামায় দ্বৈত নাগরিকত্বের বিষয়টি উল্লেখ করেননি। এ কারণে কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
তপশিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



