রাজনীতি

শাবিপ্রবি জিয়া পরিষদের সভাপতির সঙ্গে অশোভন আচরণের ঘটনায় তীব্র নিন্দা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) জিয়া পরিষদ শাবিপ্রবি শাখার সভাপতি অধ্যাপক ড. আশরাফ উদ্দিনের সঙ্গে কিছু শিক্ষার্থীর অশোভন আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল্লাহিল মাসুদের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত সোমবার (১৯ জানুয়ারি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের এক সংবাদ সম্মেলন শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জিয়া পরিষদ শাবিপ্রবি শাখার সভাপতি অধ্যাপক ড. আশরাফ উদ্দিনের সঙ্গে কিছু শিক্ষার্থীর অশোভন আচরণ গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। এ ঘটনায় জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবদুল লতিফ ও মহাসচিব অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন তীব্র নিন্দা জানিয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, একজন সিনিয়র শিক্ষক ও সম্মানিত শিক্ষাবিদের প্রতি এ ধরনের অসৌজন্যমূলক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাঙ্গনের মর্যাদার পরিপন্থী।

নেতারা বলেন, গণতান্ত্রিক পরিবেশে ভিন্নমত পোষণ ও মত প্রকাশের অধিকার সবার রয়েছে। তবে সে অধিকার প্রয়োগের নামে কোনো ধরনের অশালীন ও অনাকাঙ্ক্ষিত আচরণ মেনে নেওয়া যায় না। দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠে এমন ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।

এ ঘটনায় দ্রুত নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়েছে বিবৃতিতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button