রাজনীতি

কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্বের সমস্যা দূর করা হবে — তারেক রহমান

বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্বের সমস্যা সমাধান করা হবে—এমন ঘোষণা দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ সার্কেট হাউস ময়দানে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপি মানুষের কল্যাণে রাজনীতি করে এবং দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা একমাত্র এই দলেরই রয়েছে। দেশের বিদ্যমান সমস্যার সমাধানে ধানের শীষে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। তিনি অভিযোগ করেন, একটি দল পলাতক স্বৈরাচারের ভাষায় কথা বলছে এবং দুর্নীতি নিয়ে অপপ্রচার চালাচ্ছে। অর্ধেক জনগোষ্ঠীকে পিছনে রেখে দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয় উল্লেখ করে তিনি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

তিনি আরও বলেন, ‘আমি-ডামি’ ও ‘নিশিরাতের’ নির্বাচন মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে।

এর আগে বিকেল চারটার পর তারেক রহমান জনসভার মঞ্চে ওঠেন। জনসভায় অংশ নিতে জেলার বাইরের বিভিন্ন এলাকা থেকে বাস, মাইক্রোবাসসহ নানা যানবাহনে করে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন। নেতাকর্মীরা জানান, প্রিয় নেতাকে কাছ থেকে দেখার আগ্রহেই তারা আগেভাগে জনসভায় উপস্থিত হয়েছেন।

সকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সকাল ১১টা ৫ মিনিটে গুলশানের বাসা থেকে ময়মনসিংহের উদ্দেশে রওনা হন তারেক রহমানের গাড়িবহর।

এই কর্মসূচি উপলক্ষে ময়মনসিংহ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম বলেন, সর্বশেষ ২০০৪ সালে তারেক রহমান ময়মনসিংহে ইউনিয়ন প্রতিনিধি সভায় অংশ নিয়েছিলেন। প্রায় ২২ বছর পর তার আগমনে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উচ্ছ্বসিত। জনসভায় ময়মনসিংহ বিভাগে চার জেলার ২৪টি সংসদীয় আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।

এদিকে সফর শেষে ঢাকায় ফেরার পথে তারেক রহমান আরও দুটি সমাবেশে যোগ দেবেন। সন্ধ্যা ৬টায় গাজীপুর রাজবাড়ী মাঠে এবং সন্ধ্যা ৭টায় উত্তরা আজমপুর ঈদগাঁও মাঠে অনুষ্ঠিত সমাবেশে তিনি বক্তব্য দেবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button