সারাদেশ

চট্টগ্রাম-৩ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, জামায়াত প্রার্থীকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আলা উদ্দীন শিকদারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে ইলেক্টোরাল ইনকোয়রি কমিটি।

বুধবার (২৮ জানুয়ারি) ইলেক্টোরাল এনকোয়ারি ও এডজুডিকেশন কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত নোটিশে এ শোকজ জারি করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, নির্বাচনী আচরণবিধি উপেক্ষা করে মো. আলা উদ্দীন শিকদার তার প্রচার কাজে ব্যবহৃত গাড়িতে ব্যানার লাগিয়েছেন এবং সন্দ্বীপ পৌরসভা মার্কেটসহ বিভিন্ন স্থানে বিলবোর্ড স্থাপন করেছেন। অভিযোগে বলা হয়, তিনি ২০টির বেশি বিলবোর্ড স্থাপন করেছেন এবং প্রচারণায় ১২টি মাইক ব্যবহার করেছেন, যা নির্বাচনী আচরণবিধির ৭(খ) ও ১৭(১) ধারার লঙ্ঘন। এসব অভিযোগ বিএনপি প্রার্থীর পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, অভিযোগের বিষয়ে আগামী ৩১ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬০ হাজার ৪৮৫ জন। এ আসনে এবারের নির্বাচনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button