

ময়মনসিংহে ছিনতাইকারীদের কবলে পড়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নগরীর জয়নুল আবেদীন পার্কসংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে নুরুল্লাহ শাওন (২৫) নামের ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। তিনি আনন্দ মোহন সরকারি কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। শাওন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চর জাকালিয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গত বুধবার বিকেলে বন্ধু রিফাতের সঙ্গে ব্রহ্মপুত্র নদের চরে ঘুরতে যান শাওন। এ সময় তারা ছিনতাইকারীদের কবলে পড়েন। মারধরের একপর্যায়ে জীবন বাঁচাতে দুজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। রিফাত পালাতে সক্ষম হলেও শাওন নিখোঁজ হন। দুই দিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালিয়েও তার সন্ধান পায়নি। পরে শুক্রবার রাতে স্থানীয়রা নদের চরে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে সেটি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীদের ধাওয়া খেয়ে পানিতে ডুবে শাওনের মৃত্যু হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাতেই আনন্দমোহন কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নগরীর টাউন হল চত্বরে সড়ক অবরোধ করেন। এ সময় শহীদ মিনারে ফুল দিতে আসা সরকারি কর্মকর্তাদের গাড়ি আটকে বিক্ষোভও করেন তারা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে নগরীতে ছিনতাই রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের আহ্বান জানান। পরে রাত দেড়টার দিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করেন তারা।



