

অনলাইন নিউজ ডেস্ক
আগামী নির্বাচনই নির্ধারণ করবে বাংলাদেশ জুলুমের পথে যাবে নাকি ইনসাফের পথে—এ মন্তব্য করেছেন পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা সারজিস আলম। তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে জিম্মির বাংলাদেশ না কি মুক্তির বাংলাদেশ, সে সিদ্ধান্ত আসন্ন নির্বাচনেই নেওয়া হবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় সদর উপজেলার গোয়ালঝাড় উচ্চ বিদ্যালয় মাঠে নিজ নির্বাচনী প্রচারণা সভায় তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, “বিগত দেড় বছরে কে কী করেছে, সেই চিত্র জনগণের সামনে তুলে ধরতে হবে। প্রত্যেককে নিজের বিবেকের কাঠগড়ায় দাঁড়াতে হবে।” তিনি আরও বলেন, শুধু বাবা-দাদাদের দেওয়া প্রতীকে ভোট দেওয়ার মানসিকতা থাকলে ভবিষ্যতেও একই জুলুমের শিকার হতে হবে।
তিনি বলেন, “গত দেড় বছরে কারা জুলুম-নির্যাতন চালিয়েছে, কারা মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করেছে—সেটা ভেবে দেখতে হবে। আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা জুলুমের পক্ষে থাকব, না ইনসাফের পক্ষে যাব।”
ধর্মীয় সংখ্যালঘুদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “অভ্যুত্থানের পর আমরা সনাতন ধর্মাবলম্বী ভাইদের বাড়িঘর পাহারা দিয়েছি। অথচ একটি দলের নেতাকর্মীরা প্রতিমা বিসর্জনের স্থান ও মন্দিরের খাসজমি দখল করেছে, এমনকি ঘরবাড়িতে আগুন দিয়েছে।” তিনি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, দেড় বছরের কষ্ট যেন কয়েক দিনের মিষ্টি কথায় ভুলে না যান।
অনুষ্ঠানে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইনসহ এনসিপি ও ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



