জাতীয়

নতুন উদ্যোক্তারা বিনা জামানতে ঋণ পাচ্ছেন ১০ লাখ টাকা

অনলাইন নিউজ ডেস্ক

নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণের সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

প্রশ্নোত্তর পর্বে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের অধীনে তরুণদের জন্য কোনো বিনা সুদের ঋণ প্রকল্প চালু নেই। তবে সহজ শর্ত ও স্বল্প সুদে ঋণ বিতরণের লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক নিজস্ব তহবিল থেকে বিভিন্ন পুনরর্থায়ন স্কিম পরিচালনা করছে।

তিনি জানান, কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতের উদ্যোক্তাদের সহায়তায় পরিচালিত ‘নতুন উদ্যোক্তা পুনরর্থায়ন স্কিম’-এর তহবিল ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়েছে। এই তহবিলের আওতায় নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন, যার সুদের হার সর্বোচ্চ ৭ শতাংশ। এছাড়া জামানত সাপেক্ষে সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ রয়েছে।

স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য ‘স্টার্ট আপ ফান্ড’ নামে আরও ৫০০ কোটি টাকার একটি পুনরর্থায়ন তহবিল গঠন করা হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, এ তহবিল থেকে উদ্যোক্তারা মাত্র ৪ শতাংশ সুদে ঋণ গ্রহণ করতে পারবেন। পাশাপাশি স্টার্টআপ খাতের বিকাশে ইক্যুইটি সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে।

অর্থমন্ত্রীর মতে, এসব উদ্যোগের মাধ্যমে নতুন ও তরুণ উদ্যোক্তাদের অর্থায়ন সহজ হবে এবং দেশে উদ্যোক্তা সৃষ্টির পরিবেশ আরও শক্তিশালী হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button