

অনলাইন নিউজ ডেস্ক
অর্থনীতিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেছেন, সরকার তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তার ভাষ্য, “মুহাম্মদ ইউনূস সরকার তরুণদের ভুল পথে পরিচালিত করেছে। ক্ষমতার লোভটাই তাদের শিখিয়ে দিয়েছে।”
শনিবার (১ আগস্ট) সকালে রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন। যুক্তরাজ্যের সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডন পরিচালিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী গবেষণা কনসোর্টিয়াম ‘সোয়াস অ্যান্টি-করাপশন এভিডেন্স’ এ অনুষ্ঠানের আয়োজন করে।
সভায় সোয়াস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুশতাক খান ও অধ্যাপক পল্লবী রায় ‘এক-এগারো’ এবং ‘জুলাই অভ্যুত্থান’ বিষয়ে দুটি প্রবন্ধ উপস্থাপন করেন।
আলোচনায় হোসেন জিল্লুর রহমান অন্তর্বর্তী সরকারের তিনটি প্রধান ব্যর্থতার ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন—সরকারে আমলাতান্ত্রিক প্রভাব বৃদ্ধি, তরুণদের ভুল দিকনির্দেশনা দেওয়া এবং নিজেদের প্রস্তাবিত সংস্কার কার্যক্রম বাস্তবায়নে ব্যর্থতা।
তরুণদের প্রসঙ্গে তিনি বলেন, সরকারের নীতির কারণে নতুন প্রজন্মের মধ্যে সঠিক নেতৃত্ব বিকাশ ও শৃঙ্খলা গড়ে তোলার ক্ষেত্রে ঘাটতি তৈরি হয়েছে। পাশাপাশি সমাজে শিক্ষার গুরুত্বও কিছুটা খর্ব হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
সংস্কার কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, “ইউনূস সরকার ‘সংস্কার’ শব্দটি ব্যাপকভাবে ব্যবহার করেছে। কিন্তু তাদের গঠিত সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। বরং নিজেদের সুপারিশ উপেক্ষা করেছে। তারা মূলত একটি ‘রিফর্ম গেম’ খেলেছে।”



