

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেছেন, তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার উদ্দেশ্যেই ভোটকেন্দ্রে যাবেন। তরুণদের আত্মত্যাগে অর্জিত নতুন বাংলাদেশের অগ্রযাত্রা ধরে রাখতে এই ‘হ্যাঁ’ ভোটকে তিনি নাগরিক দায়িত্ব ও নৈতিক অঙ্গীকারের প্রতীক হিসেবে উল্লেখ করেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত ‘গণভোট–২০২৬’ বিষয়ক জনসচেতনতামূলক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, গণভোটে নির্দিষ্ট কোনো প্রতীক না থাকলেও তার ব্যক্তিগতভাবে একটি প্রতীক রয়েছে, যা তার কাছে ‘লাল’। এই লাল রং তিনি তরুণদের রক্তের ত্যাগের প্রতীক হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের ঘটনাপ্রবাহ স্মরণ করলে বোঝা যায়, দেশের সামনে এগিয়ে যাওয়ার জন্য গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার ভাষ্য, ‘হ্যাঁ’ ভোট শুধু মতপ্রকাশ নয়, বরং তরুণদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানোরও প্রতীক।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে উপাচার্য বলেন, ভোটকে ঘিরে দেশে উত্তেজনা রয়েছে এবং কিছু গোষ্ঠী আগের ব্যবস্থায় ফেরার চেষ্টা করছে। তবে দেশে যে পরিবর্তন এসেছে, তা আর পেছনে ফেরানো সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।
ড. নকীব আরও বলেন, তরুণ ও সাধারণ মানুষের মধ্যে আগের যে ভয় কাজ করত, তা অনেকটাই কেটে গেছে। ভয় দেখিয়ে মানুষকে নিয়ন্ত্রণের চেষ্টা এখন আর কার্যকর হবে না।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। এছাড়া রাজশাহী ও রংপুর বিভাগের ১০টি সরকারি ও ১১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিসহ দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।



