রাজনীতি

১২ ফেব্রুয়ারি জালেমদের পরাজিত করার দিন : নাহিদ ইসলাম

অনলাইন নিউজ ডেস্ক

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, এবারের নির্বাচন পরিবর্তন ও সংস্কারের নির্বাচন। দাঁড়িপাল্লা ও শাপলা কলি সেই পরিবর্তনের প্রতীক।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সাভারে এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, ৫ আগস্টের পর জনগণ আর কোনো নতুন জালেমকে ক্ষমতায় দেখতে চায় না। আগামী ১২ ফেব্রুয়ারি সব জালেমের পরাজয়ের দিন।

১১ দলীয় জোটের জনসভায় নাহিদ ইসলাম বলেন, বর্তমানে দেশে একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি গড়ে উঠেছে, যেখানে ইসলামী শক্তি, তারুণ্যের শক্তি ও দেশপ্রেমিক শক্তি একত্রিত হয়েছে সরকার গঠনের লক্ষ্যে। তিনি দাবি করেন, জুলাই আন্দোলনের অন্যতম হটস্পট সাভার থেকেই ১১ দলীয় জোটের বিজয় সূচিত হবে এবং সারা দেশেই এই জোটের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে।

দেশের মানুষের জন্য এটি গুরুত্বপূর্ণ সময় উল্লেখ করে তিনি বলেন, হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে এই নির্বাচন সম্ভব হয়েছে। ১১ দল সরকার গঠন করলে দেশ আধিপত্যবাদ মুক্ত হবে এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ে উঠবে। বাংলাদেশের নিয়ন্ত্রণ ঢাকা থেকেই পরিচালিত হবে, দিল্লির দাসত্ব করার সুযোগ আর থাকবে না।

দিল্লির তাবেদারি করে যারা রাজনীতি করতে চায় তাদের স্বপ্ন পূরণ হবে না বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। একই সঙ্গে তিনি ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে কঠোর অবস্থানের কথা জানান। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, হাদি হত্যার বিচার নিশ্চিত করতে না পারা সরকারের ব্যর্থতা। এখনও সময় আছে বিচার কার্যক্রম শুরু করার। হাদির পরিবারের সঙ্গে কোনো অসৌজন্যমূলক আচরণ সহ্য করা হবে না।

প্রতিপক্ষের সমালোচনা করে তিনি বলেন, একটি দল অন্য দলগুলোকে গ্রাস করে হুমকির রাজনীতি করছে। তবে এসব হুমকিতে ১১ দলীয় জোট ভীত নয়।

বিদেশে অবস্থানরত এক নেতার বক্তব্যের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, দেশ সম্পর্কে ন্যূনতম ধারণা না থাকা সত্ত্বেও ‘প্ল্যান’ করার কথা জনগণ গ্রহণ করছে না।

তিনি আরও বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা দেশের মানুষ দেখেছে। তাই অভিজ্ঞতার কথা বলে নিজেদের ছোট করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, সারা দেশে ১১ দলীয় জোটের নেতাকর্মী ও নারী সমর্থকদের ওপর হামলা চালানো হচ্ছে। লাশের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা সফল হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ভোটের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, এনসিপি ও জামায়াত পৃথক ইশতেহার প্রণয়ন করলেও সমন্বয়ের মাধ্যমে দেশ পরিচালনা করা হবে। কেউ ভোট চুরি বা কেন্দ্র দখলের চেষ্টা করলে আবারও ৫ আগস্টের মতো গণআন্দোলন গড়ে তোলা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button