

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালটের গণনায় অন্তর্ভুক্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, যদি বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পর্যন্ত ব্যালট পেপার দেশে পৌঁছায় না, তাহলে সেই ভোটগুলো বাতিল হিসেবে গণ্য হবে।
গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইসির বিশেষায়িত অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’-তে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জানানো হয়।
ইসি সূত্র জানিয়েছে, প্রবাসী ভোটারদের ভোটাধিকার সুনিশ্চিত করতে পোস্টাল ব্যালটের ব্যবস্থা থাকলেও নির্ধারিত সময়সীমা মেনে তা পাঠানো আবশ্যক। বিজ্ঞপ্তিতে প্রবাসীদের অনুরোধ করা হয়েছে, ভোট প্রদান শেষে সাদা ব্যালট খাম ও প্রয়োজনীয় ঘোষণাপত্র ঠিকভাবে পূরণ করে হলুদ খামে সংযুক্ত করে দ্রুততম সময়ে নিকটস্থ ডাকঘরে জমা দিতে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ৫ ফেব্রুয়ারির মধ্যে যদি কোনো ব্যালট বাংলাদেশে পৌঁছাতে না পারে, তবে তা নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো সম্ভব হবে না। নিয়ম অনুযায়ী, ভোটের দিন বিকেল ৪:৩০টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে ব্যালট পৌঁছাতে ব্যর্থ হলে তা গণনায় অন্তর্ভুক্ত হবে না।
সার্বিক পরিস্থিতি বিবেচনায়, প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে দ্রুত ডাকযোগে ব্যালট পাঠানোর জন্য নির্বাচন কমিশন বিশেষভাবে তাগিদ দিয়েছে।



