

অনলাইন নিউজ ডেস্ক
সিরাজগঞ্জের বেলকুচিতে যাত্রীবাহী বাসের চাপায় অটোভ্যানে থাকা স্বামী-স্ত্রী ও চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই দম্পতির মেয়ে।
শুক্রবার (৫ জুন) সকাল ৬টার দিকে উপজেলার মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
বেলকুচি থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ন কবির হানিফ জানান, এনায়েতপুর থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস মেঘুল্লা বাসস্ট্যান্ডের কাছে একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে অটোভ্যানে থাকা স্বামী-স্ত্রী ও চালক ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনায় আহত হওয়া ওই দম্পতির মেয়েকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



