জাতীয়

শনিবারের মধ্যে সব ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম নিশ্চিতের নির্দেশ, না মানলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক

শনিবারের মধ্যে দেশের সব বেসরকারি ক্লিনিকে নরমাল ডেলিভারির জন্য পৃথক ডেলিভারি রুম নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। নির্ধারিত সময়ের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজন হলে লাইসেন্স বাতিল করা হবে বলেও সতর্ক করেন তিনি।

সোমবার (৬ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করতেই সরকার এ উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, একসময় গ্রামাঞ্চলে দাইরা প্রসব করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। সময়ের পরিবর্তনের সঙ্গে সেই ব্যবস্থা প্রায় বিলুপ্ত হয়ে গেছে। দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নের পাশাপাশি নিরাপদ ও স্বাভাবিক প্রসব নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য।

তিনি বলেন, বর্তমানে অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশনের প্রবণতা বেড়েছে, যা উদ্বেগজনক। এ প্রবণতা কমিয়ে চিকিৎসাগত প্রয়োজন ছাড়া স্বাভাবিক প্রসবকে গুরুত্ব দিতে হবে।

মন্ত্রী আরও বলেন, নবজাতকের জন্মের পরপরই মায়ের শালদুধ (কলোস্ট্রাম) খাওয়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং অপুষ্টি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশু ও মায়ের সুস্বাস্থ্য নিশ্চিত না হলে একটি সুস্থ ও উৎপাদনশীল জাতি গড়ে তোলা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও জানান, দেশের স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে সারাদেশে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রায় ৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে এবং সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে মিডওয়াইফ নিয়োগে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button