জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী নিজ জেলায় মাদক বন্ধ করতে পারে না, সারাদেশে কীভাবে করবে?

অনলাইন নিউজ ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী যদি নিজ জেলা কক্সবাজারে মাদক নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে সারা দেশের মাদক ও আইনশৃঙ্খলা কীভাবে নিয়ন্ত্রণ করবেন—এমন প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সোমবার (৬ জুলাই) বিকেলে গাজীপুরের কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ‘জুলাই’ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা শেষে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

নাহিদ ইসলাম বলেন, কয়েক দিন আগে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ দলের এক সংসদ সদস্য কক্সবাজারকে মাদক কারবারের সূতিকাগার হিসেবে উল্লেখ করেছেন। নিজের জেলায়ই যদি মাদক নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে দেশের অন্য জায়গায় তা কীভাবে সম্ভব—এমন প্রশ্ন তোলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে নাহিদ বলেন, আগে কক্সবাজারে মাদক কারবার বন্ধ করুন। এরপর সারা দেশে মাদক নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা নিশ্চিত করুন।

এদিন এনসিপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কালীগঞ্জ থেকে ‘জুলাই পদযাত্রা’র সূচনা করা হয়। সমাবেশে দলের সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, গণতান্ত্রিক সংস্কার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দলীয় কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button