

অনলাইন নিউজ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বিএনপি ও তাদের নেতৃত্বাধীন জোট। এ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ-এর ছেলে সোহেল তাজ।
পোস্টে তিনি লেখেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপির এই ঐতিহাসিক বিজয়ে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বাংলাদেশের জনগণ স্পষ্ট বার্তা দিয়েছে—স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে কোনো আপস তারা মেনে নেবে না।
তিনি আরও আশা প্রকাশ করেন, তারেক রহমানের নেতৃত্বে গঠিত বিএনপি সরকার দেশকে নতুন ও সুন্দর ভবিষ্যতের পথে এগিয়ে নেবে, যেখানে প্রতিফলিত হবে ’৭১ ও ’২৪-এর আকাঙ্ক্ষা।



