

অনলাইন নিউজ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান জাতীয় নির্বাচনের ফলাফল মেনে নিয়ে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা পালনের ঘোষণা দিয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি দলীয় কর্মী-সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, দীর্ঘ সময় ধরে প্রতিকূলতা, ভয়ভীতি ও হয়রানির মধ্যেও যারা গণতান্ত্রিক অধিকার চর্চা করেছেন, তাদের সাহস দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করেছে।
নির্বাচনের ফলাফল নিয়ে হতাশা থাকাটা স্বাভাবিক উল্লেখ করে তিনি জানান, ৭৭টি আসন লাভের মাধ্যমে দলটির সংসদীয় উপস্থিতি প্রায় চারগুণ বেড়েছে এবং তারা এখন অন্যতম শক্তিশালী বিরোধী শক্তিতে পরিণত হয়েছে। তিনি এটিকে ভবিষ্যতের জন্য একটি নতুন ভিত্তি হিসেবে দেখার আহ্বান জানান।
উদাহরণ হিসেবে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০০৮ সালে ৩০টি আসন পেয়েছিল এবং দীর্ঘ সময় পর ২০২৬ সালে সরকার গঠনের পথে রয়েছে। গণতান্ত্রিক রাজনীতির পথ দীর্ঘ ও ধৈর্যের—এ কথা তুলে ধরে তিনি জনগণের আস্থা অর্জন, ক্ষমতাসীনদের জবাবদিহির আওতায় আনা এবং ভবিষ্যৎ নেতৃত্বের প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন।
নির্বাচনের রায়কে সম্মান জানিয়ে তিনি বলেন, তাদের আন্দোলনের লক্ষ্য কেবল একটি নির্বাচন নয়; বরং গণতান্ত্রিক সংস্কৃতি শক্তিশালী করা, নাগরিক অধিকার রক্ষা এবং জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা। পাশাপাশি শান্তিপূর্ণ ও নীতিনিষ্ঠ রাজনীতির প্রতি অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।



